এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার আগ্রহ বাংলাদেশের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। দেশের স্বার্থ সংরক্ষণ করে একটি টেকসই মিশ্র (মিক্সড) বহর গড়ে তোলার লক্ষ্যে এয়ারবাস ক্রয়ের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চারটি ইউরোপীয় দেশের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মার্ক সেরে শারলে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা টেরস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী, গতিশীল ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বহরের সক্ষমতা ও পরিচালনগত স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে এয়ারবাস উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরা হলে ইউরোপীয় প্রতিনিধিরা প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

  • travel based first digital media
  • এয়ারবাস
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া