আজ ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০, যা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে স্পেনের টেরুয়েল থেকে এয়ারবাসটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এই এয়ারবাসে ৪৩৬টি আসন রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিমানটি গ্রহণ করেন।
নতুন এয়ারবাসটি সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহার করবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে বর্তমানে নতুন যুক্ত হওয়া ৩৩০-৩০০ মডেলের এয়ারবাস সহ মোট ৩টি ৩৩০-৩০০ মডেলের এয়ারবাস, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং ১০টি এটিআর ৭২-৬০০ মিলিয়ে মোট ২৫টি বিমান রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
