অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ লিমিটেডের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের অ্যাকসেস কেনা যাবে। এ লক্ষ্যে ফার্স্টট্রিপ লিমিটেড ও বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি ফার্স্টট্রিপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষে হেড অব বি-টু-সি মীর তাজমুল হোসেন এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) রাহাত এলাহী উপস্থিত ছিলেন। অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের পক্ষে ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন, নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
চুক্তির ফলে ফার্স্টট্রিপের গ্রাহকেরা ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি একই প্ল্যাটফর্ম থেকে সহজেই বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা কিনতে পারবেন। এর মাধ্যমে যাত্রার আগে আরামদায়ক পরিবেশে সময় কাটানোর সুযোগ আরও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ফার্স্টট্রিপের হেড অব বি-টু-সি মীর তাজমুল হোসেন বলেন, এই অংশীদারত্ব গ্রাহকদের আরও আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করবে। তিনি বলেন, এক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের ভ্রমণসেবা সহজলভ্য করাই ফার্স্টট্রিপের লক্ষ্য।
ফার্স্টট্রিপ লিমিটেড ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইট ও হোটেল বুকিং, ভিসা সহায়তা এবং হলিডে প্যাকেজসহ বিভিন্ন ধরনের ভ্রমণসেবা প্রদান করে। নতুন এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রাভেল সল্যুশন হিসেবে সেবার পরিধি আরও সম্প্রসারণ করল।
