আঙ্কটাডের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হককে ২০২৬-২৭ মেয়াদে দক্ষিণ এশিয়ার ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হিসেবে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নেতৃত্বাধীন ব্যক্তিত্ব জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পেলেন।

‘ই-ট্রেড ফর উইমেন’ উদ্যোগের অধীনে বিশ্বজুড়ে নির্বাচিত কয়েকজন প্রভাবশালী নারী ব্যবসায়ী নেতাকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়। তাঁরা ডিজিটাল উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সেতু হিসেবে কাজ করেন। নতুন দায়িত্বে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার নারী-নেতৃত্বাধীন ডিজিটাল ব্যবসাগুলোর প্রতিনিধিত্ব করবেন ডিজিটাল বাণিজ্য ও অর্থনীতি নিয়ে উচ্চপর্যায়ের বিভিন্ন আলোচনায়। পাশাপাশি তিনি আঞ্চলিক মাস্টারক্লাস ও কমিউনিটিভিত্তিক নানা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

নিয়োগের ঘোষণা দিয়ে সাদিয়া হক বলেন, একটি প্রযুক্তিনির্ভর ব্যবসা গড়ে তুলতে শুধু ভালো ধারণা থাকলেই হয় না; এর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী নেটওয়ার্ক, পর্যাপ্ত পুঁজি, প্রয়োজনীয় জ্ঞান এবং নারীদের নেতৃত্বের সুযোগ তৈরি করে এমন একটি সহায়ক পরিবেশ। তিনি বলেন, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষিণ এশিয়ার উদ্যোক্তাদের অভিজ্ঞতা নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরতে চান। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের পথচলা আরও সহজ ও সম্ভাবনাময় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাদিয়া হকের পেশাগত পথচলা বাংলাদেশের ডিজিটাল খাতের বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। টেলিযোগাযোগ, গণমাধ্যম ও প্রযুক্তি খাতে ১৭ বছরেরও বেশি অভিজ্ঞতায় তিনি গ্রামীণফোন, নোকিয়া ও বাংলালিংকের মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন।

তাঁর নেতৃত্বে শেয়ারট্রিপ দেশের অন্যতম বৃহৎ অনলাইন ট্রাভেল ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর নেতৃত্বে শেয়ারট্রিপ দেশের অন্যতম বৃহৎ অনলাইন ট্রাভেল ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির অনলাইন বি২সি (B2C) বাজারে ৫০ শতাংশের বেশি বাজার অংশীদারত্ব রয়েছে এবং এটি ২৭ লাখেরও বেশি ডিজিটালি সম্পৃক্ত গ্রাহককে সেবা দিচ্ছে। স্থানীয় বাজারে স্বয়ংক্রিয় রিফান্ড ও ভ্রমণের তারিখ পরিবর্তনের সুবিধাসহ বেশ কিছু প্রযুক্তিনির্ভর নতুন সেবা চালুর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছে শেয়ারট্রিপ।

সাদিয়া হকের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এরই মধ্যে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে তিনি ‘আউটস্ট্যান্ডিং উইম্যান ইন বিজনেস’ সম্মাননা পান। এর আগে ২০২৪ সালে তিনি ‘আইসিটি উইম্যান অব দ্য ইয়ার’ পুরস্কারেও ভূষিত হন।

আগামী সেপ্টেম্বরে জেনেভায় আঙ্কটাডের একটি অনুষ্ঠানে সাদিয়া হকের নতুন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ দায়িত্বের আওতায় তিনি বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি দেশের অভিজ্ঞতা ও উদ্ভাবনকে বৈশ্বিক ডিজিটাল পরিসরে তুলে ধরতে কাজ করবেন। উল্লেখ্য, সম্প্রতি শেয়ারট্রিপ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘নুসুক মাসার’ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত দেশীয় ট্রাভেল ওয়ালেট ‘এসটি পে’ও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

  • travel based first digital media
  • জাতিসংঘ
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শেয়ারট্রিপ