দেশে প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির আয়োজন করছে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।

“ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন” প্রতিপাদ্যে আয়োজিত এ টুর্নামেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই অংশ নিচ্ছে।

দুই দিনের মূল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কর্মকর্তা এবং এভিয়েশন খাতের অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন এবং প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার ঢাকা এয়ারলাইন্স ক্লাব, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ফেমাস ক্রিয়েশন টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবে।

এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। এই খাতের পেশাজীবীদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, খেলা শুরুর দুই দিন আগে রাজধানীর একটি অভিজাত হোটেলে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হবে।

টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, বিশ্বকাপ ফুটবলের আবহকে সামনে রেখে এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সম্পর্ক, সৌহার্দ্য, টিমওয়ার্ক এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের মতে, বাংলাদেশের আকাশপথে সেবা দেওয়া দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্ট ইতোমধ্যে দেশের এভিয়েশন অঙ্গনে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।

  • ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স
  • এয়ারলাইন্স
  • ফুটবল
  • সর্বশেষ