বৈরি আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নামতে পারেনি তিন ফ্লাইট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৭ ঘন্টা আগে

অতি ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়েছে তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটের। এছাড়া বিরূপ আবহাওয়ার প্রভাবে বিমানবন্দরের প্রায় সব ফ্লাইটই ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে পরিচালিত হচ্ছে।

আজ(মঙ্গলবার) দুপুর ২টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটও চট্টগ্রামে নামতে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে যায়।

তবে চট্টগ্রাম থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইটই ছেড়ে গেছে বলে জানা গেছে। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান—উভয় ক্ষেত্রেই প্রায় সব ফ্লাইট ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে পরিচালিত হচ্ছে। এ সময় বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে।

  • travel based first digital media
  • বৈরি আবহাওয়া
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর