স্থগিত করা হলো শাহজালাল বিমানবন্দরের সকল ধরনের নিরাপত্তা পাস

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ৩০ নভেম্বর থেকে কার্যকারিতা হারাবে পাসগুলো।

বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান পাসগুলোর স্থগিতের একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী আগামী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে।

নতুন পাস সংগ্রহ করতে হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) থেকে। পাসগুলোতে আইডি নম্বর উল্লেখ থাকবে।যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে বেবিচক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের বিভিন্ন সংরক্ষিত স্থানে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত নতুন এই পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে হবে। ৩০ নভেম্বর থেকে অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরের প্রবেশ করা যাবে না।

নতুন এভসেক আইডি সম্বলিত পাস দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। এভসেক আইডির জন্য বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের নির্ধারিত প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। এভসেক আইডি সম্বলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনে এভসেক অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • আন্তর্জাতিক
  • বিমানবন্দর
  • শাহজালাল