জর্ডানের সাধারণ ক্ষমায় বাংলাদেশি শ্রমিকদের বৈধতার সুযোগ ও জরিমানা মওকুফ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

জর্ডানে বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন। পাশাপাশি, নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে তারা বৈধতা অর্জনের পাশাপাশি দেশটিতে কর্মসংস্থানের সুযোগও গ্রহণ করতে পারবেন।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য একটি  অ্যামনেস্টি (সাধারণ ক্ষমা) কর্মসূচি ঘোষণা করেছে। এর আওতায় অবৈধভাবে বসবাসকারী শ্রমিকরা কোনো ধরনের জরিমানা পরিশোধ ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

পাশাপাশি, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রবাসী শ্রমিকরা জর্ডানে তাদের অবস্থান বৈধ করে কর্মসংস্থান অব্যাহত রাখতে পারবেন। তারা প্রয়োজন অনুযায়ী কর্মস্থল পরিবর্তনের সুযোগও পাবেন। পাশাপাশি, বিশেষ কিছু ক্ষেত্রে গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি লাভ করতে পারবেন।

ভ্রমণ ভিসায় জর্ডানে প্রবেশ করা বাংলাদেশিরাও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতিপত্রের জন্য আবেদন করার সুযোগ পাবেন বলেও জানিয়েছে দূতাবাস। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য সুবিধাগুলো গ্রহণে প্রয়োজনীয় সহায়তার জন্য জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

  • travel based first digital media
  • অবৈধ বাংলাদেশি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া