লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমলো জেট ফুয়েলের দাম

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা।

রোববার জারি করা বিইআরসির আদেশে জানানো হয়, নতুন মূল্যহার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সমন্বয়সহ গত এক মাসে টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমেছে। ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা। এরপর ২৩ মে তা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা এবং পরে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। সর্বশেষ সিদ্ধান্তের পর দাম নেমে এসেছে ১৫০ টাকা ২১ পয়সায়।

সব মিলিয়ে তিন দফায় প্রতি লিটারে দাম কমেছে ৭৬ টাকা ৮৭ পয়সা।

আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও একই সময়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১.৪৮ মার্কিন ডলার থেকে কমে প্রায় ০.৯৮ ডলারে নেমে এসেছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রকাশিত ‘প্ল্যাটস রেট’-এর ভিত্তিতে মাসভিত্তিক জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সর্বশেষ মূল্য নির্ধারণে ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত সময়ের গড় প্ল্যাটস রেট বিবেচনায় নেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে ব্যবহৃত ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের কারণে পরিবহন ব্যয়ের প্রভাবও হিসাব করা হয়েছে।

কমিশনের কারিগরি কমিটি ৭ জুন তাদের বিশ্লেষণমূলক প্রতিবেদন জমা দেওয়ার পর শুনানি শেষে নতুন মূল্য অনুমোদন করা হয়।

বর্তমান মূল্যহ্রাসের আগে মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। পরে ৭ এপ্রিল তা আরও বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক রুটেও একই সময়ে দাম ০.৭৪ ডলার থেকে বেড়ে ১.৪৮ ডলারে পৌঁছায়।

বিইআরসি এর আগে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কার কারণে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দামে অস্থিরতা তৈরি হয়েছিল।

তবে মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দর কমতে শুরু করায় ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন।

মার্চে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) দাম বৃদ্ধিকে ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করেছিল। সর্বশেষ মূল্যহ্রাসে এয়ারলাইন খাত কিছুটা স্বস্তি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • জেট ফুয়েল
  • দাম কমলো
  • সর্বশেষ