সর্বশেষ সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯৬তম অবস্থানে নেমে এসেছে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৯ ঘন্টা আগে

পাসপোর্ট শক্তির সূচকে বাংলাদেশের অবনতি, শীর্ষে সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও প্রথম স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মে মাসে এ সূচক প্রকাশ করে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সূচকে সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।

এ ছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম অবস্থানে আছে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, পাসপোর্ট শক্তির এই বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ পিছিয়েছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ ৯৬তম স্থানে নেমে এসেছে, যেখানে আগের সূচকে দেশটির অবস্থান ছিল ৯৫তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, আফগান পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, একটি দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী হবে তা অনেকাংশে নির্ভর করে দেশটির কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং ভিসা নীতির ওপর। এসব ক্ষেত্রে উন্নতি ঘটলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতাও বাড়ে।

  • পাসপোর্ট
  • বাংলাদেশী পাসপোর্ট
  • বিদেশযাত্রা
  • সর্বশেষ
  • হেনলি পাসপোর্ট সূচক