ইতালির কৃষি ও পর্যটন খাতে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

ইতালি সরকার কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী বিদেশি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গ্যাজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল এ সিদ্ধান্ত অনুমোদিত হলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৬ মে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন কৃষিকাজ ও পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা পূরণে এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

নতুন অনুমোদিত কোটার মধ্যে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৩৮৯টি সিজনাল ওয়ার্ক পারমিট। এছাড়া পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য রাখা হয়েছে ৩ হাজার ৪৭৬টি পারমিট।

এ সিদ্ধান্তকে ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা বহু আবেদনকারীর জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এই কোটা ইতালির কৃষি ও পর্যটন খাতে শ্রমঘাটতি কমানোর পাশাপাশি বিদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

  • ইতালি
  • ওয়ার্ক পারমিট
  • প্রবাস
  • বিদেশে চাকরি