জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি, লিটারে কমল ২১.৬৩ টাকা
টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য ওই দিন রাত থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের শুরুতে দেশে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য ১৯ পয়সা বাড়িয়ে তা ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। এর প্রভাবে মার্চ মাসে প্রথম দফায় জেট ফুয়েলের দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছে।
পরিস্থিতির আরও অবনতি হলে ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়। তখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। পরে এপ্রিল মাসে আবারও দাম বাড়িয়ে তা ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়।
সর্বশেষ সিদ্ধান্তে টানা মূল্যবৃদ্ধির ধারা থেকে কিছুটা স্বস্তি মিললেও বছরের শুরু তুলনায় জেট ফুয়েলের দাম এখনও অনেক বেশি অবস্থানে রয়েছে।
