সিলেট-সৌদি আরব সরাসরি ফ্লাইট চালাতে আগ্রহী সৌদিয়া এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সিলেট–সৌদি আরব রুটে সৌদি এয়ারলাইনস (সৌদিয়া)-এর সরাসরি ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানী ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান রাষ্ট্রদূত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়ার সরাসরি ফ্লাইট চালু করা হলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

বৈঠকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সার্বিক কল্যাণ, নিয়োগ প্রক্রিয়া এবং শ্রমবাজারসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়। বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

রাষ্ট্রদূত আরও জানান, নিবন্ধিত ৯৯০টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কিছু প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে উদ্বেগ রয়েছে। এ ধরনের অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সৌদি সরকার ও দূতাবাসের যৌথ উদ্যোগে একটি অ্যাপ তৈরির প্রস্তাবও দেন।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সিলেট-সৌদি আরব
  • সৌদিয়া এয়ারলাইন্স