নতুন বছরের সূচনাকে সামনে রেখে দেশের পর্যটন খাত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বাংলা নববর্ষ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি জাতীয় পরিচয় উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নিতে পারি।”
তিনি আরও বলেন, দেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পর্যটন খাতের উন্নয়ন অপরিহার্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
