মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) দোহা থেকে এবং দোহায় মোট ২৯টি ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ। কাতার সিভিল এভিয়েশন অথরিটির অস্থায়ী অনুমতির ভিত্তিতে এসব ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কাতার এয়ারওয়েজ জানায়, আঞ্চলিক অস্থিরতার কারণে যেসব যাত্রী ভ্রমণে বিঘ্নের মুখে পড়েছেন তাদের সহায়তার জন্য সাময়িক অপারেটিং করিডোর চালু করা হয়েছে। এই করিডোরের আওতায় আগামী কয়েক দিনে সীমিতসংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
ঘোষিত ফ্লাইটগুলোর মধ্যে লন্ডন, নিউইয়র্ক এবং মাদ্রিদের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা হামলা চলমান থাকলেও এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কাতার এয়ারওয়েজ যাত্রীদের পরামর্শ দিয়েছে যে নিশ্চিত টিকিট না থাকলে যেন কেউ বিমানবন্দরে না যান। পাশাপাশি সংস্থাটি স্পষ্ট করেছে যে এই ফ্লাইটগুলো নিয়মিত সময়সূচির পূর্ণ পুনরায় চালু হওয়ার ইঙ্গিত নয়, বরং পরিস্থিতির কারণে সীমিত পরিসরে পরিচালিত বিশেষ ফ্লাইট।
বুকিং ও সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা নিজ নিজ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে যাদের নিশ্চিত বুকিং রয়েছে, তারা মূল ভ্রমণ তারিখ থেকে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে দুইবার বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। এছাড়া অব্যবহৃত টিকিটের জন্য রিফান্ডের আবেদন করার সুযোগও রাখা হয়েছে।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য সংস্থাটি ধন্যবাদ জানিয়েছে।
