মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৬ মার্চ পর্যন্ত মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো।
বেবিচক জানায়, আজ শুক্রবার (৬ মার্চ) ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিন বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটসের ৪টি ফ্লাইট।
এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি ও মঙ্গলবার ৩৮টি, বুধবার ২৮টি ও বৃহস্পতিবার বাতিল হয় আরও ৩৪টি ফ্লাইট।
