যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরো ৮২ জন বাংলাদেশি

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ years ago

লেবাননে আটকে পড়া, দেশে ফিরতে ইচ্ছুক আরো ৮২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল ২১ নভেম্বর রাত ১১ টায় Emirates Airlines-এর EK-584 ফ্লাইট যোগে দেশে পৌঁছেছেন লেবানন প্রবাসী এই বাংলাদেশীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) দেশে ফিরতে সহযোগিতা করেছে।

৮২ জন বাংলাদেশীর মধ্যে ৭৬ (ছিয়াত্তর) জন সম্পূর্ণ সরকারী ব্যয়ে এবং ০৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর অর্থায়নে দেশে ফিরেছেন। লেবাননে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশীদের এই দলের ৭৬ জন বাংলাদেশ দূতাবাস, বৈরুত-এ রেজিষ্ট্রেশন করেছেন এবং বাকী ০৬ জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) – এ। সর্বমোট এগারোটি ফ্লাইটে এখন পর্যন্ত ৬৯৭ জন বাংলাদেশীকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এবারও প্রত্যাবাসনকৃত লেবাননফেরত এ বাংলাদেশী নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাব মোস্তফা জামিল খান ফিরে আসা বাংলাদেশিদের সাথে লেবাননে যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন । এ সময় তিনি তাদের খোঁজ খবর নেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একজন বাংলাদেশী বোমা হামলায় নিহত হয়েছেন।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত, দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশীদের সরকারী খরচে দেশে ফেরত আনবে। সাম্প্রতিক এই যুদ্ধে যেসকল প্রবাসী বাংলাদেশী ফিরে আসতে অনিচ্ছুক তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে দূতাবাস।

  • প্রবাসী
  • বাংলাদেশী প্রবাসী
  • লেবানন
  • লেবানন যুদ্ধ