পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা নাটক

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

অজ্ঞাত একটি নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা রয়েছে। এর প্রেক্ষিতে ফ্লাইটটিতে প্রায় ৩ ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্যের সন্ধান মেলেনি।

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানায়, ঘটনাটি পারিবারিক বিষয় থেকে উদ্ভূত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে যেতে না পারে, সেজন্য মা বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দিয়ে ফোন করেছিলেন।

শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

ডিজি বলেন, গতকালকে ঘটনা ঘটে। সেটি হলো ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বোমা রয়েছে এমন একটি ফোন কল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয় এবং তিন থেকে চার ঘণ্টা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় এয়ারলাইন্সের ভাবমূর্ত দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক দুর্নাম হয়। ইতোপূর্বেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয় পরবর্তী তল্লাশি করে কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, এ ঘটনার পর পরই আমরা অনুসন্ধানে নামি, সারারাত অভিযান পরিচালনা করে আমরা তিনজনকে গ্রেপ্তার করি। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছে। এই বিষয়টি একটি দুঃখজনক ঘটনা। ঘটনার তদন্তে জানা যায়, ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে এই ফ্লাইটে করে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধ করার জন্য প্রচেষ্টা চালান। কিন্তু তারা কোনভাবে সক্ষম হয়নি। তখন তারা ইমনেরই আরেক বন্ধু ইমরান তাদের পরামর্শ দেন যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে তাহলে যাত্রাটা স্থগিত হয়ে যেতে পারে। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান।

ডিজি আরও বলেন, এই বিষয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই এটি একটি গর্হিত কাজ। এসব কাজে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে‌ এবং আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। কোনভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয়। তারপরও গ্রহণ করলে কঠিন শাস্তি ব্যবস্থা করা হবে।

 

গতকাল ১১ জুলাই বিকালে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তখন একটি অচেনা নম্বর থেকে ফোনকলে বিমানে বোমা থাকার কথা জানানো হয়। বিমানটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। পরে বিমান বাহিনীর টাস্ক ফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি এবং বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে বিমানের অভ্যন্তর ও লাগেজ পরীক্ষার কার্যক্রম করে। সব যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছিল।

এরপর রাত ৭টা ৫৮ মিনিটে নিরাপত্তা তল্লাশি শেষ হয় এবং কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

বিমানটি অবশেষে ৯ টা ২২ মিনিটে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে নিরাপদে উড্ডয়ন করে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোমা নাটক
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর