ভারী বৃষ্টিপাতেও স্বাভাবিক শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

গত দু-একদিন ধরে দেশে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত।ভারী বৃষ্টিপাতের কারণে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত তেমনি দেশের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে।তবে এমন প্রতিকূল আবহাওয়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (HSIA) থেকে বর্তমানে সকল আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

তবে চলমান খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কিছু ফ্লাইটে সাময়িক বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত কোনো ফ্লাইটকে বিকল্প গন্তব্যে ডাইভার্ট করতে হয়নি, যা যাত্রী ও এয়ারলাইন্স উভয়ের জন্য একটি স্বস্তির বিষয়।

যেকোনো সম্ভাব্য পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বক্ষণিকভাবে এয়ারলাইন্স, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

যাত্রীসেবার মান বজায় রাখতে বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে গাজীপুর ও বনানী এলাকা থেকে বিমানবন্দরগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে সম্মানিত যাত্রীরা যাতে নির্ধারিত ফ্লাইট মিস না করেন তা নিশ্চিত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

এছাড়াও, যেসব যাত্রী খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট মিস করেছেন বা করবেন, তাদের পরবর্তী ফ্লাইটে দ্রুততম সময়ে স্থানান্তরের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং প্রাকৃতিক দূর্যোগের বিষয়টি বিবেচনা করে এসংক্রান্ত প্রযোজ্য ফি মওকুফের জন্য সকল এয়ারলাইন্সকে অনুরোধমূলক নির্দেশনা প্রদানপূর্বক পত্র প্রেরণ করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে, বেবিচক  চেয়ারম্যান সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও বিচক্ষণ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসেবার মান নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবিষয়ে সকল যাত্রীদের বিচলিত না হয়ে ধৈর্যধারণ এবং আন্তরিক সহযোগিতা করার আহবান জানান হয়েছে।

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর