৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বিমানের

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সূচি। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি।

এর আগে ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সিদ্ধান্তের মেয়াদ বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের বিষয়টি জানায় এবং যাত্রীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার অনুরোধ করে।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটেছে এবং অনেক ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারণ করা হয়েছে।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • মধ্যপ্রাচ্য