বৈরী আবহাওয়ায় ঢাকায় বিলম্বিত অর্ধশতাধিক ফ্লাইট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ঘন বৃষ্টি, কমে যাওয়া দৃশ্যমানতা এবং দমকা বাতাসের কারণে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আগমন ও প্রস্থানের অর্ধশতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এদিকে আবুধাবি, শারজাহ, দুবাই, মদিনা, কুয়ালালামপুর, জেদ্দা, সৈয়দপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্য থেকে আসা ও যাওয়া অর্ধশতাধিক ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে হোল্ডিং প্যাটার্নে থাকার পর নিরাপদে অবতরণ বা উড্ডয়ন করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের ফলে রোববার সকালে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সঙ্গে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নিরাপদ অবতরণ ও উড্ডয়নে জটিলতা দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।

ফ্লাইট বিলম্বের প্রভাব পড়ে বিমানবন্দরের সার্বিক কার্যক্রমেও। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অনেক ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে পরিচালিত হওয়ায় টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে। পাশাপাশি যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • travel based first digital media
  • ফ্লাইট বিলম্ব
  • বৈরি আবহাওয়া
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর