দেশের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা ভ্রমণ ও পর্যটন মেলা “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট–২০২৬” আগামী ৯ থেকে ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত ঢাকার অভিজাত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের একমাত্র ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন বাংলাদেশ মনিটর।
মেলার ২১তম এই আসরে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্রসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা চলাকালে দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আকর্ষণীয় মূল্যছাড়ে বিমান টিকিট, ট্যুর প্যাকেজসহ নানা ভ্রমণ সেবা প্রদান করবে, যা কেবল মেলা চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য থাকবে।
মেলায় প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এন্ট্রি টিকিটের সঙ্গে থাকবে একটি র্যাফেল কুপন, যার ড্র অনুষ্ঠিত হবে মেলার শেষ দিন ১১ এপ্রিল। র্যাফেল ড্র-এর মাধ্যমে দেশ-বিদেশ ভ্রমণের বিমান টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ থাকছে।
আয়োজকরা আরও জানিয়েছেন, যারা অনলাইনে আগাম নিবন্ধন করবেন তারা এন্ট্রি টিকিটের পাশাপাশি অতিরিক্ত একটি ফ্রি র্যাফেল টিকিট পাবেন। অনলাইন নিবন্ধনের জন্য পৃথক র্যাফেল ড্র প্রতিদিন সন্ধ্যা ৭টার পর অনুষ্ঠিত হবে।
মেলায় অংশগ্রহণ বা বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা www.dhakatravelmart.net এবং www.bangladeshmonitor.com.bd ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এছাড়া যোগাযোগের জন্য নিম্নোক্ত নম্বরে ফোন করা যাবে: 01716-975512, 01716-799468, 01815-072337, 01912-105664।
