পর্যটন পুরস্কার ২০২৬: সনদ ও চেক পেলেন সালাহউদ্দিন সুমন, নাঈম আবিরসহ বিজয়ীরা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ ঘন্টা আগে

বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এর বিজয়ী ও মনোনীতদের হাতে সনদপত্র ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বুধবার (২৫ নভেম্বর) বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দিন সুমন এবং সেরা পর্যটন সাংবাদিক হিসেবে ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবিরসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ শেষে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এ খাতের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন বিজয়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় দেশের গ্রামীণ পর্যটনের বিকাশে সরকার ও ট্যুরিজম বোর্ডকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামবাংলার প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এসব বৈশিষ্ট্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে হবে।

দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুনরুদ্ধার ও সংস্কারের পাশাপাশি সেগুলোর যথাযথ ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেন তিনি। ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারলে বাংলাদেশের পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এ ছাড়া বাংলাদেশের ঋতুভিত্তিক প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরার প্রস্তাব দেন সালাহউদ্দিন সুমন। তাঁর মতে, শীতকালে উত্তরবঙ্গের প্রকৃতি এবং বর্ষায় দক্ষিণবঙ্গের সৌন্দর্য বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এসব বৈচিত্র্যকে পর্যটন পণ্য হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সেরা পর্যটন সাংবাদিক হিসেবে পুরস্কারপ্রাপ্ত নাঈম আবির পর্যটন সাংবাদিকতায় নির্ভরযোগ্য তথ্য ও উপাত্তের অপ্রতুলতার বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত দেশের প্রথম ভ্রমণবিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’ বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য তুলে ধরছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হয়। জবাবে বোর্ডের সিইও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী পর্যটনসংশ্লিষ্ট সবার সহযোগিতায় বৃহৎ পরিসরে পর্যটন প্রচারণার পরিকল্পনার কথা জানান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় বর্তমান সরকারের পর্যটন মহাপরিকল্পনা বা ট্যুরিজম মাস্টারপ্ল্যান সম্পর্কেও উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, গণমাধ্যম এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জরুরি।

পুরস্কারপ্রাপ্তদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্মিলিত উদ্যোগ কাজে লাগিয়ে দেশের পর্যটনকে আরও পরিকল্পিতভাবে বিকশিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

  • ট্যুরিজম
  • পর্যটন
  • সর্বশেষ