১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালু, প্রথম দিন থেকে উড়বে ২০ উড়োজাহাজ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তবে ওই দিন থেকেই টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। সফট লঞ্চের পর ধাপে ধাপে বাড়ানো হবে অপারেশনাল কার্যক্রম।

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রথম দিন থেকেই থার্ড টার্মিনাল ব্যবহার করে চলাচল করবে ২০টি উড়োজাহাজ। তবে টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও প্রায় পাঁচ মাস সময় লাগবে। ফলে পূর্ণ সক্ষমতায় যাত্রীসেবা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

বিশাল অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত থার্ড টার্মিনালকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রত্যাশা ছিল যাত্রী ও এভিয়েশন খাতের সংশ্লিষ্টদের। ধাপে ধাপে কার্যক্রম বাড়ানোর মধ্য দিয়ে টার্মিনালটির পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতা নিশ্চিত করা হবে।

এদিকে, নতুন টার্মিনালের পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়েও থাকছে নতুন ব্যবস্থা। চুক্তি অনুযায়ী, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের দায়িত্বে থাকবে একটি বিদেশি অপারেটর।

চুক্তি অনুযায়ী, থার্ড টার্মিনাল থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ।

দীর্ঘ অপেক্ষার পর চালু হতে যাওয়া থার্ড টার্মিনাল দেশের বিমান খাতের সক্ষমতা ও যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • থার্ড টার্মিনাল
  • ফ্লাইট
  • বিমানবন্দর
  • সর্বশেষ
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর