থার্ড টার্মিনাল চালু করতে বাংলাদেশ জাপান বৈঠক শুরু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বাংলাদেশ ও জাপানের প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বিমানবন্দরের Embarkation Fee, Revenue Share এবং Upfront Fee বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের জন্য সরকার কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের প্রতিনিধিদলকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব (Revised Proposal) জমা দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, এ বিষয়ে মার্চ মাসের শেষ দিকে আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জাপানের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স Takahashi Naoki এবং জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার Rieko Nakayamaসহ অন্যান্য কর্মকর্তারা।

সরকারের আশা, দুই দেশের আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতায় পৌঁছে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে।

  • তৃতীয় টার্মিনাল
  • থার্ড টার্মিনাল
  • বাংলাদেশ-জাপান
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর