আগামী বছর হজে যেতে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত হজ যাত্রীরা নিবন্ধন করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বরের পর আর সময়সীমা বাড়ানো হবে না বলেও ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় আরো বলেছে, এ নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে।আর চূড়ান্ত নিবন্ধনের সময় হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করতে হবে।
২০২৫ সালে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ১ সেপ্টেম্বর থেকে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু এখনো কোটার বড় অংশ খালি থাকায় সরকারি ও বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধনের সময় বাড়ানো হয় আরো ১৫দিন।
