মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় চট্টগ্রাম বিমানবন্দরে এ পর্যন্ত ১৭৯ ফ্লাইট বাতিল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা নতুন করে তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ফের বড় ধরনের স্থবিরতার মুখে পড়েছে।

আজ মঙ্গলবার বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, আকাশপথের উদ্ভূত পরিস্থিতির কারণে আজ সারাদিনে মোট ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য রুটের আসা-যাওয়ার ৪টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি বহির্গামী ফ্লাইট রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর অনিশ্চয়তা এখনো অপরিবর্তিত রয়েছে।

তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি ফ্লাইট অবতরণ করেছে এবং ৪টি ফ্লাইট ঢাকা ত্যাগ করতে সক্ষম হয়েছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই অস্থিরতার প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত প্রায় এক মাসে চলমান এই সংকটকালীন সময়ে আজ পর্যন্ত অত্র বিমানবন্দরের সর্বমোট ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বারবার ফ্লাইট বাতিলের ফলে একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছে এয়ারলাইনসগুলো, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী ও তাদের পরিবার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে ধারণা করা হচ্ছে।

  • travel based first digital media
  • ফ্লাইট বাতিল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর