কুয়াশায় ঢাকায় নামতে ব্যর্থ হওয়া ৪ ফ্লাইট গেল কলকাতায়

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চারটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা ফ্লাইট দু’টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদীনা ফ্লাইট একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে।

আবহাওয়া স্বাভাবিক হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে বিমানবন্দর আবার স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করে। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোও পরে কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৭ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু জেলায় শৈত্যপ্রবাহ কমতে পারে এবং পরবর্তী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে।

  • ফ্লাইট
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর