এভিয়েশন ও পর্যটনে অবদান রাখায় ১০ নারীকে সম্মাননা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৭ দিন আগে

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন ১০ জন নারী। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এটি তৃতীয় আসর।

শনিবার (১৩ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া নারীরা হলেন— পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

এ ছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে রয়াল আরসালান্স-এর স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মানিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নারীদের স্বীকৃতি দেওয়ার এটিজেএফবির উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান সরকার এ খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা এখন পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আজ যারা সম্মাননা পাচ্ছেন, তাঁদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন ব্যক্তিত্ব।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সহযোগী স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স। অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, সম্মাননাপ্রাপ্ত নারী ও তাদের পরিবারের সদস্যসহ এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

  • এভিয়েশন
  • চেক ইন
  • ট্যুরিজম
  • পুরস্কার