দেশের সব বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জানুয়ারি মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিমানবন্দর ও আশপাশের এলাকায় অবিলম্বে মশকনিধন স্প্রে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে দ্রুততম সময়ে এক হাজার নতুন লাগেজ ট্রলি সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হতে হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
