বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ নিয়েছে। ক্যাডেট পাইলট প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে নিজেদের এয়ারলাইন্সে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
এয়ারলাইন্সটির কর্মকর্তারা জানান, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিমান চলাচলের কারণে পাইলটের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণ এবং দেশের দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ–৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা। বর্তমানে তাদের বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। খুব শিগগিরই আরও চারটি এয়ারবাস ৩৩০-৩০০ ও এটিআর ৭২-৬০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া এবং রুট সম্প্রসারণের কারণে অতিরিক্ত পাইলটের প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রয়োজন পূরণে গত তিন বছর ধরে ক্যাডেট পাইলট তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে ইউএস-বাংলা।
এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষণ শেষে তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জন করবেন। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নির্ধারিত জিপিএ অর্জন করতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। স্নাতক ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচন প্রক্রিয়ায় থাকবে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। ছেলেদের ন্যূনতম উচ্চতা ১৬৮ সেমি এবং মেয়েদের ১৬৪ সেমি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীদের অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটের ক্যারিয়ার পেইজে সরাসরি আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পাইলট প্রশিক্ষণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে এভিয়েশন খাতে দক্ষ জনশক্তি তৈরি হবে।
