পর্যটন সাংবাদিকতায় বছরজুড়ে উদ্যোগ চান ‘চেক ইন’ সিইও নাঈম আবির

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১২ ঘন্টা আগে

পর্যটন সাংবাদিকতার বিকাশ এবং দেশের পর্যটন গন্তব্যগুলোর ব্র্যান্ডিংয়ে বছরজুড়ে নিয়মিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের প্রথম ভ্রমণ বিষয়ক ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাঈম আবির। তাঁর মতে, পর্যটন খাতের তথ্যপ্রবাহ সহজ, নির্ভরযোগ্য ও নিয়মিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য সারা বছর প্রতিবেদন তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে। এতে পর্যটন সাংবাদিকতায় আগ্রহ বাড়ার পাশাপাশি দেশের পর্যটনশিল্পের প্রচার ও প্রসার ঘটবে।

বুধবার (২৫ নভেম্বর) ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এর বিজয়ী ও মনোনীতদের মধ্যে সনদপত্র ও পুরস্কারের চেক বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বিজয়ীদের কাছে নিজ নিজ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান। এ সময় পর্যটন সাংবাদিকতার সীমাবদ্ধতা, সম্ভাবনা এবং এ খাতকে আরও সমৃদ্ধ করার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন নাঈম আবির।

তিনি বলেন, পর্যটন ও পর্যটন সাংবাদিকতার প্রতি আগ্রহ থাকা অনেকেই ব্যক্তিগত উদ্যোগ ও বাড়তি পরিশ্রমের মাধ্যমে কাজ করছেন। তবে সবার পক্ষে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে তথ্যপ্রবাহ সহজ, নির্ভরযোগ্য ও নিয়মিত করা গেলে গণমাধ্যমকর্মীদের আগ্রহ বাড়বে।

নাঈম আবির বলেন, দেশের পর্যটন গন্তব্যগুলোর পরিচিতি ও ব্র্যান্ডিং তৈরিতে টেলিভিশন সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট নির্মাতা এবং ট্রাভেল ভ্লগারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেন্টমার্টিন, কক্সবাজার ও সাজেকের মতো জনপ্রিয় গন্তব্যগুলোর পরিচিতি বাড়ার পেছনেও গণমাধ্যম ও বেসরকারি উদ্যোগের বড় অবদান রয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতেও বেসরকারি গণমাধ্যম ও কনটেন্ট নির্মাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই পর্যটন সাংবাদিকতার অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি।

দেশের পর্যটন সাংবাদিকতার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ পর্যটনবিষয়ক সংবাদ ও প্রতিবেদন নির্দিষ্ট কিছু দিবসকেন্দ্রিক হয়ে পড়েছে। বিশেষ করে বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে বিশেষজ্ঞদের বক্তব্য, নতুন স্লোগান কিংবা নির্দিষ্ট প্রতিপাদ্যের ওপর প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু বছরের অন্যান্য সময়ে পর্যটন নিয়ে নিয়মিত ও বৈচিত্র্যময় প্রতিবেদন তৈরির সুযোগ তুলনামূলক কম। ফলে অনেক পর্যটন সাংবাদিক বছরে হাতে গোনা কয়েকটি প্রতিবেদন প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেন।

এ পরিস্থিতি পরিবর্তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে বছরজুড়ে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান চেক ইনের সিইও। তাঁর প্রস্তাব, বড় আকারের উৎসব বা আয়োজনের পাশাপাশি নিয়মিত গোলটেবিল বৈঠক, বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং পর্যটনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। এসব উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বছরে অন্তত ১২ থেকে ১৪টি এমন উদ্যোগ নেওয়া হলে প্রতিটি আয়োজনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ ও প্রতিবেদন প্রকাশের সুযোগ তৈরি হবে। এতে পর্যটন খাতের তথ্যপ্রবাহ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর পরিচিতি ও ব্র্যান্ডিং আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন নাঈম আবির। পর্যটনশিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, নীতি ও উন্নয়ন নিয়ে ধারাবাহিক ও তথ্যভিত্তিক সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘সেরা পর্যটন সাংবাদিকতা’ ক্যাটাগরিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

  • travel based first digital media
  • চেক ইন
  • নাঈম আবির
  • পর্যটন
  • বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া