১৫ বছরের জন্য থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তির অনুমোদন দিলো সরকার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪১ minutes ago

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে দিতে ১৫ বছরের কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী, সরকার অগ্রিম ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) এবং টার্মিনালের আয়ের ন্যূনতম ২৭ শতাংশ পাবে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট এইচএসআইএ’ প্রকল্পটি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।

চুক্তিতে সরকারের জন্য ৮১ লাখ ডলার অগ্রিম অর্থ নির্ধারণ করা হলেও প্রকল্পের মোট ব্যয়ের তুলনায় তা খুবই সামান্য। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সে হিসাবে অগ্রিম অর্থের পরিমাণ মোট প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রস্তাবের ভিত্তিতে তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক যাত্রীদের এমবারকেশন ফি ১২ দশমিক ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের অন্যান্য টার্মিনালসহ দেশের অন্যান্য বিমানবন্দরের জন্যও এমবারকেশন ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছে বেবিচক। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বহির্গামী যাত্রীপ্রতি ৫০০ টাকা বা প্রায় ৪ ডলারের পরিবর্তে ৬ ডলার ফি নির্ধারণের কথা বলা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রীদের এমবারকেশন ফি ২৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

এসব চার্জের সঙ্গে অন্যান্য প্রযোজ্য কর ও ফি যুক্ত হয়ে টিকিটের মূল্য বাড়তে পারে। ফলে আকাশপথে ভ্রমণকারীদের সামগ্রিক ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।

চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, নির্মাণকাজ কিংবা সামরিক স্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি ছিল ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম এবং ২০২৬ সালের ৩৮তম বৈঠক।

  • থার্ড টার্মিনাল
  • বিমানবন্দর
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর