দেশের আকাশপথে যাত্রী চলাচল বাড়ছে ধারাবাহিকভাবে। চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশের আটটি বিমানবন্দর ব্যবহার করেছেন ১ কোটি ৩ লাখ ১০ হাজার যাত্রী। তবে এই বিপুলসংখ্যক যাত্রীর প্রায় ৮৩ শতাংশের চাপ সামলাতে হচ্ছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেটসহ আঞ্চলিক বিমানবন্দরগুলোতে যাত্রী চলাচল তুলনামূলক কম। ফলে দেশের আকাশপথের যাত্রীসেবায় ঢাকাকেন্দ্রিক নির্ভরতা ও সক্ষমতার সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক রুটে যাতায়াত করেছেন ৭৯ লাখ ৪০ হাজার যাত্রী। একই সময়ে অভ্যন্তরীণ রুটে যাত্রী ছিলেন ২৩ লাখ ৭০ হাজার। সব মিলিয়ে ছয় মাসে আকাশপথে যাতায়াত করেছেন ১ কোটি ৩ লাখ ১০ হাজার মানুষ।
আগের বছরের পরিসংখ্যানেও আকাশপথে যাত্রী বৃদ্ধির প্রবণতা দেখা যায়। ২০২৪ সালে দেশের বিমানবন্দরগুলো ব্যবহার করেছিলেন ১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার যাত্রী। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ ৭০ হাজারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে যাত্রী বেড়েছে ৫ দশমিক ৪১ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসেই যাত্রীসংখ্যা এক কোটি ছাড়িয়ে যাওয়ায় এ প্রবৃদ্ধির ধারাবাহিকতা স্পষ্ট হয়েছে।
তবে যাত্রী বৃদ্ধির বড় অংশের চাপ পড়ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চলতি বছরের প্রথম ছয় মাসে বিমানবন্দরটি ব্যবহার করেছেন ৮৫ লাখ ২০ হাজার যাত্রী, যা দেশের আটটি বিমানবন্দরের মোট যাত্রীর প্রায় ৮৩ শতাংশ। অথচ বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ। অর্থাৎ ছয় মাসেই বার্ষিক সক্ষমতার চেয়ে ৫ লাখ ২০ হাজার বেশি যাত্রীকে সেবা দিতে হয়েছে বিমানবন্দরটিকে। এ সময়ে আন্তর্জাতিক রুটের যাত্রী ছিলেন ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ রুটের ১১ লাখ ৮০ হাজার।
সক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে গিয়ে বিমানবন্দরের বিভিন্ন সেবায় তৈরি হচ্ছে জটিলতা। ইমিগ্রেশন, নিরাপত্তা তল্লাশি, বোর্ডিং ও লাগেজ ব্যবস্থাপনায় দীর্ঘসূত্রতা এবং ভোগান্তির অভিযোগ রয়েছে। পাশাপাশি উড়োজাহাজের পার্কিং ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনাতেও চাপ বাড়ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে।
অন্যদিকে দেশের আঞ্চলিক বিমানবন্দরগুলোতেও যাত্রী চলাচল বাড়ছে, যদিও ঢাকার তুলনায় তা অনেক কম। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৫ সালে আগের বছরের তুলনায় যাত্রী বেড়েছিল ১৮ দশমিক ৬৩ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে বিমানবন্দরটি ব্যবহার করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০৮ জন যাত্রী। কক্সবাজার বিমানবন্দরেও ২০২৫ সালে যাত্রী বেড়েছিল ১৮ দশমিক ৩৬ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে সেখানে যাতায়াত করেছেন ৩ লাখ ৬৪ হাজার ৯২০ জন।
এদিকে একই সময়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৭ লাখ ১৬ হাজার ৮৯৭ জন যাত্রী। এ ছাড়া সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল বিমানবন্দরেও যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।
ঢাকার বিমানবন্দরের ওপর অতিরিক্ত চাপ কমাতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী ও ফ্লাইটের চাপ কমাতে সারা দিনের ফ্লাইট সূচি আরও সুষমভাবে বণ্টনের পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকার ওপর নির্ভরতা কমার পাশাপাশি আঞ্চলিক বিমানবন্দরগুলোর ব্যবহারও বাড়তে পারে।
