কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইকাওর সপ্তম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, দক্ষ জনবল তৈরি, কারিগরি সহযোগিতা এবং পর্যটন ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আইকাও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান বিমানমন্ত্রী। বিশেষ করে আইকাওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা এবং বিশেষায়িত একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী।
জবাবে আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজনের জন্য আইকাও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান বিমানমন্ত্রী। এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজার এবং এ খাতের উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমের প্রশংসা করেন তোশিউকি ওনুমা। বৈঠক শেষে তাঁকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মন্ত্রী।
অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বিমানমন্ত্রী। এতে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সরকারি পর্যায়ে (জিটুজি) সহযোগিতার আওতায় থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান মন্ত্রী। এ ধরনের সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং দেশের কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, আইকাও ও থাইল্যান্ডের সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সক্ষমতা অর্জনে সহায়ক হতে পারে। একই সঙ্গে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার উদ্যোগও এগিয়ে যাবে।
