সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
এদিকে, যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত ও ফ্লাইট চালুর বিষয়ে নতুন নির্দেশনা জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
