বিমানের দুটি উড়োজাহাজ কার্গোতে রূপান্তরের পরিকল্পনা সরকারের

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য উড়োজাহাজ লিজ এবং বহরের দুটি উড়োজাহাজকে পূর্ণাঙ্গ কার্গো উড়োজাহাজে রূপান্তরের কাজে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ (Highbury Group)। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব দেওয়ার আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো (William Prothero)। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন উইলিয়াম প্রোথেরো। বিমান ক্রয়, অর্থায়ন ও লিজিং এবং উড়োজাহাজের সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে উড়োজাহাজের বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বিমানের আয় বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।

হাইবারি গ্রুপের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান মন্ত্রী।

সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং ও অর্থায়ন এবং কার্গো পরিবহনের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

  • travel based first digital media
  • উড়োজাহাজ
  • কার্গো
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া