দেশে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে। এ নিয়ে গত চার মাসে চার দফায় জ্বালানিটির দাম বাড়ানো হলো।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
বিইআরসির তথ্য অনুযায়ী, গত আগস্টে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়। অক্টোবরে আরও ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা বেড়ে দাঁড়াল ১৮৯ টাকা ৩ পয়সায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি এবং বিস্তারিত পর্যালোচনা শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১ জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারের প্ল্যাটস রেটের ভিত্তিতে প্রতি মাসে জ্বালানিটির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করে কমিশন।
