হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন চালু হওয়া লাইভ লাগেজ মনিটরিং ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পাচ্ছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে গিয়ে ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় যাত্রীরা নতুন এ ব্যবস্থাকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, যাত্রীরা এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তাঁদের লাগেজ হাতে পাচ্ছেন। প্রায় দুই মাস আগে নেওয়া পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ চালু করা হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনারই অংশ।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান বজায় রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
