ফ্লাইট অপারেশনস বিভাগে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের । আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত ই-মেইলে পাঠাতে হবে।
ক্যাপ্টেন (এটিআর ৭২-২১২এ) পদে আবেদনের জন্য প্রার্থীদের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইস্যু করা বৈধ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) থাকতে হবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদস্য কোনো দেশের ইস্যু করা এটিপিএলধারীরাও বেবিচকের অনুমোদন ও প্রযোজ্য বিধিবিধান পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
এ পদে আবেদনের জন্য উড়োজাহাজ চালনায় কমপক্ষে ৩ হাজার ঘণ্টার অভিজ্ঞতা এবং পাইলট-ইন-কমান্ড (পিআইসি) হিসেবে অন্তত ১ হাজার ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। এটিআর ৭২ বা সমমানের ওজনশ্রেণির উড়োজাহাজে কো-পাইলট হিসেবে অন্তত ১ হাজার ঘণ্টার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটিআর ৭২ সিরিজের উড়োজাহাজে ক্যাপ্টেন হিসেবে যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বৈধ ক্লাস-১ মেডিকেল সনদ এবং আইসিএও ইংরেজি ভাষা দক্ষতার ন্যূনতম লেভেল-৪ থাকতে হবে। এ পদে সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর।
অন্যদিকে, ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং) পদে আবেদনের জন্য প্রার্থীদের কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) থাকতে হবে। সিমুলেটর প্রশিক্ষণে অংশ নেওয়ার আগে এটিপিএলের সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে পদার্থবিজ্ঞান ও গণিতসহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের ও লেভেল-এ লেভেল কিংবা ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েটের নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
এ পদে বেবিচক বা আইসিএও সদস্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে ইনস্ট্রুমেন্ট রেটিংসহ সিপিএল থাকতে হবে। লাইসেন্সের আবেদন বেবিচকে প্রক্রিয়াধীন থাকলেও আবেদন করা যাবে। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বডি মাস ইনডেক্স (বিএমআই) ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে। এ ছাড়া বেবিচক অনুমোদিত চিকিৎসকের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সনদ, ইংরেজি ভাষা দক্ষতার ন্যূনতম লেভেল-৪ এবং ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। সাঁতার জানাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
উভয় পদের ক্ষেত্রে গত দুই বছরে গুরুতর কোনো ঘটনায় এবং গত পাঁচ বছরে পাইলটের দায়ে সংঘটিত কোনো দুর্ঘটনায় সংশ্লিষ্টতা থাকা যাবে না। প্রার্থীদের অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। বর্তমানে চাকরিরত প্রার্থীদের নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সনদ ও অন্যান্য সহায়ক নথিসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত hr@flynovoair.com ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে ‘Captain – ATR 72-212A’ অথবা ‘First Officer (Under Training)’ উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।
