চেক ইন এর পডকাস্ট পার্টনার হলো ছুটি গ্রুপ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

ভ্রমণবিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’-এর পডকাস্টে ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য হসপিটালিটি প্রতিষ্ঠান ‘ছুটি গ্রুপ’। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) ‘চেকইন’ ও ‘ছুটি গ্রুপ’-এর মধ্যে আনুষ্ঠানিক ব্র্যান্ড পার্টনারশিপ সাইনিং হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় ‘চেক ইন’-এর দুটি পডকাস্টের মোট ১৪টি পর্বে যুক্ত থাকবে ছুটি গ্রুপের দুটি রিসোর্ট। দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রির প্রথম পলিসি পডকাস্ট ‘চেক ইন বাংলাদেশ’-এর ৭টি পর্বে হসপিটালিটি পার্টনার হিসেবে থাকবে ছুটি রিসোর্ট কক্সবাজার। অন্যদিকে, জনপ্রিয় ট্রাভেল ভ্লগারদের নিয়ে নির্মিত পডকাস্ট ‘চেক ইন স্টোরিস’-এর ৭টি পর্বে পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে থাকবে ছুটি বে রিসোর্ট।

‘চেক ইন’-এর পডকাস্ট দুটিতে এভিয়েশন, পর্যটন, ভ্রমণ, হসপিটালিটি ও অভিবাসন খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জনপ্রিয় ট্রাভেল ভ্লগাররা অংশ নেন।

ব্র্যান্ড পার্টনারশিপ সাইনিং অনুষ্ঠানে ‘ছুটি গ্রুপ’-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ তারিক মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। ‘চেকইন’-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির।

চেক ইন এর পডকাস্টে পার্টনার হওয়া প্রসঙ্গে ছুটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, “চেক ইন এর সঙ্গে ছুটি গ্রুপের এই কোলাবোরেশনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দু’টি প্রতিষ্ঠানই পর্যটন খাতে কাজ করছি। চেক ইন একটি মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পর্যটন ও সংশ্লিষ্ট খাত নিয়ে কাজ করছে, আর ছুটি গ্রুপ হসপিটালিটি সেক্টরে কাজ করছে। তাই দুই প্রতিষ্ঠানের এই কোলাবোরেশনের মাধ্যমে ভালো কিছু হবে বলে আমরা আশা করি।”

ছুটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ তারিক মাহমুদ বলেন, “চেক ইন এভিয়েশনসহ বিভিন্ন বিষয়ে যে ধরনের সংবাদ ও কনটেন্ট প্রচার করে, এই অংশীদারিত্বের মাধ্যমে সেগুলো আরও ব্যাপকভাবে দর্শকদের কাছে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি। ছুটির সহযোগিতা ও পার্টনারশিপে চেকইনের আগামী পর্বগুলোতে আরও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছি।”

‘চেক ইন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাঈম আবির বলেন, “ছুটি গ্রুপের মতো হসপিটালিটি ইন্ডাস্ট্রির স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি আমাদের কনটেন্ট নির্মাণ ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। আশা করি, এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও সুদৃঢ় হবে।”

চুক্তির আওতায় ১৪ পর্বের এই পডকাস্ট সিরিজে এভিয়েশন, পর্যটন, ভ্রমণ ও আতিথেয়তা খাতের বিভিন্ন সমসাময়িক বিষয়, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দর্শকদের সামনে দেশের পর্যটন ও ভ্রমণ খাতের গুরুত্বপূর্ণ তথ্য, অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনাগুলোও তুলে ধরা হবে।

  • চেক ইন
  • ছুটি গ্রুপ
  • ছুটি রিসোর্ট
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • সর্বশেষ