বাংলাদেশিসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মালয়েশিয়ার নতুন ভিসা নীতি

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় কড়াকড়ি

বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) দেওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া। ফলে সাধারণ পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের আর আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসায় নিয়মিতভাবে এমইভি দেওয়া বন্ধ করা হয়েছে। এখন নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্য থাকলেই কেবল মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।

নতুন নীতিতে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য এমইভি সুবিধা রাখা হয়েছে।

অন্যদিকে, নিছক পর্যটন বা সাধারণ ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে চাইলে সংশ্লিষ্ট ৩১ দেশের নাগরিকদের সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।

এতে বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণের ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। বিশেষ করে যারা একাধিকবার মালয়েশিয়া ভ্রমণের জন্য এক বছরের এমইভির ওপর নির্ভর করতেন, নতুন নিয়মে তাদের প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে নতুন ভিসার প্রয়োজন হতে পারে।

তবে নির্ধারিত বিশেষ ভ্রমণ উদ্দেশ্যের আওতায় পড়লে আবেদনকারীরা এখনো মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

  • ভিসা নীতি
  • মালয়েশিয়া
  • সর্বশেষ