৬ মাসের মধ্যে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, ১০ হাজার কর্মী বিনাখরচে

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

৬ মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি কর্মী, শুরু সেপ্টেম্বরের শেষ দিকে

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বরাত দিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ হবে।

দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে দেশটিতে যাবেন।

এ ছাড়া আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নেবে, যেটাতে কোনো খরচ নেই।’

এর ফলে নির্ধারিত দুই লাখ কর্মীর পাশাপাশি অতিরিক্ত আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

  • চাকরি
  • প্রবাস
  • মালয়েশিয়া
  • মালয়েশিয়ায় কর্মসংস্থান