মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

মালয়েশিয়ায় আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জিরো-কস্টে যাবেন ১০ হাজার কর্মী

বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবিত ব্যবস্থায় কর্মীদের বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত কোনো ব্যয় বহন করতে হবে না।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কর্মীদের একটি বহর বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হওয়ার পথ সুগম হবে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমে আসায় সাধারণ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ হবে।

জিরো-কস্ট ব্যবস্থায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগকে দুই দেশের শ্রমবাজার সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছ ও সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তবে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া, নিয়োগের শর্ত, কোন খাতে কতজন কর্মী নেওয়া হবে এবং চার্টার্ড ফ্লাইটের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিকতার মাধ্যমে নির্ধারিত হবে।

  • প্রবাস
  • বিদেশযাত্রা
  • মালয়েশিয়া
  • মালয়েশিয়ায় কর্মসংস্থান