এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে বিশেষ কর্মশালা

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

এভিয়েশন গ্রাউন্ড অপারেশন এবং এ খাতে ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তরুণদের ধারণা দিতে একদিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এভিয়েশন.কম.বিডি। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন: নলেজ অ্যান্ড ক্যারিয়ার পাথ’ শীর্ষক কর্মশালায় এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, সংশ্লিষ্ট পেশা এবং এ খাতে বিদ্যমান ও ভবিষ্যৎ ক্যারিয়ার সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশে এভিয়েশন খাতে ক্যারিয়ার নিয়ে আলোচনায় সাধারণত পাইলট ও কেবিন ক্রু পেশাই বেশি গুরুত্ব পায়। তবে একটি বিমান অবতরণের পর পুনরায় উড্ডয়ন পর্যন্ত যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড কার্যক্রম, নিরাপত্তা এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রমে বিপুলসংখ্যক পেশাজীবী কাজ করেন। কর্মশালায় এসব কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা ও সম্ভাব্য ক্যারিয়ার পথ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হবে।

আয়োজকরা জানান, দেশের এভিয়েশন অবকাঠামো ও বিমানবন্দর কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের প্রয়োজনীয়তাও বাড়ছে। বিশেষ করে গ্রাউন্ড অপারেশন, যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো ও এয়ারপোর্ট সাপোর্ট কার্যক্রমে প্রশিক্ষিত জনবলের জন্য ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তরুণদের এসব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করাই কর্মশালার অন্যতম লক্ষ্য।

কর্মশালায় এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের পরিচিতি, এভিয়েশন শিল্পের সামগ্রিক চিত্র, গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, ক্যারিয়ার পথ এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি অভিজ্ঞ এভিয়েশন পেশাজীবীদের সঙ্গে অংশগ্রহণকারীদের মতবিনিময়ের সুযোগও থাকবে।

কর্মশালার মূল আলোচক হিসেবে থাকবেন এভিয়েশন.কম.বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের সাবেক এয়ারপোর্ট ম্যানেজার হারুনুর রশীদ।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন এভিয়েশন গ্রাউন্ড অপারেশন খাতে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মিসবাহ আল আহমেদ মাজুমদার। তিনি ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ডিএইচএল, কাতার এয়ারওয়েজ, আরএকে এয়ারওয়েজ, শ্রীলঙ্কান এয়ারলাইনস ও মালদিভিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ এভিয়েশন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫০০ টাকা। তবে ৩১ আগস্ট পর্যন্ত আগাম নিবন্ধনে অংশগ্রহণ ফি ২ হাজার টাকা। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

আয়োজক এভিয়েশন.কম.বিডি জানায়, এভিয়েশন ও পর্যটন খাতে দক্ষতা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের তরুণদের এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনার সঙ্গে পরিচিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

  • এভিয়েশন ডট কম
  • গ্রাউন্ড হ্যান্ডেলিং
  • বিশেষ কর্মশালা