বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৮ ঘন্টা আগে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল সার্ভিস বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে। এর মাধ্যমে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে নিরাপদ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

বেবিচক জানিয়েছে, প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ সেবা বিশেষভাবে সহায়ক হবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নেও এই উদ্যোগ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

বেবিচক জানায়, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সময়োপযোগী জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বিদেশযাত্রা
  • বিমানবন্দর
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ