বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট-হজ ফিরতি ফ্লাইট শেষ, দেশে ফিরেছেন ৩৪,৪৬৪ হাজি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৬ সালের পোস্ট-হজ (হজ-পরবর্তী) ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। গত ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে মোট ৩৪ হাজার ৪৬৪ জন হাজি নিরাপদে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, পোস্ট-হজ কার্যক্রমে পরিচালিত ১০৪টি বিশেষ ফিরতি ফ্লাইটে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে দেশে আনা হয়েছে। এছাড়া একই সময়ে পরিচালিত ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২ হাজার ২০৮ জন হাজি বাংলাদেশে ফিরে আসেন।
বিমান জানায়, ১৮ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত পুরো হজ মৌসুমে সংস্থাটি নিজস্ব সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে হজ ফ্লাইট পরিচালনা করেছে। এ সময় মাত্র ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট এবং ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে সম্পূর্ণ হজ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংস্থাটির দাবি, এ ব্যবস্থাপনায় অতিরিক্ত ১ হাজার ৩০০ টনের বেশি কার্গো পরিবহন এবং প্রায় ২৩ হাজার ৫০০ জন সাধারণ যাত্রী বহনের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে হজ মৌসুমজুড়ে উল্লেখযোগ্য কোনো ফ্লাইট বাতিল বা বড় ধরনের সময়সূচি পরিবর্তন ছাড়াই লন্ডন, কুয়ালালামপুর এবং মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।
বিমান আরও জানায়, নিজস্ব হজযাত্রী পরিবহনের পাশাপাশি ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রীসেবা প্রদানকারী এজেন্ট হিসেবেও তারা দায়িত্ব পালন করেছে।
সংস্থাটির মতে, এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টা, দক্ষ ব্যবস্থাপনা এবং নিবিড় তত্ত্বাবধানের ফলে এ বছরের হজ মৌসুমে দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জটের মতো দীর্ঘদিনের পরিচিত সমস্যাগুলো কার্যত দেখা যায়নি।
