দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

দীর্ঘ দুই বছর বিরতির পর বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত। দেশটির ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারবেন।

ঢাকাস্থ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী ২৮ জুন থেকে এ ভিসার জন্য আবেদন করা যাবে বলে তিনি জানান।

প্রথম ধাপে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসব কেন্দ্র হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রও পর্যায়ক্রমে চালু করে ভিসা সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মেডিকেল ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি, ভবিষ্যতে মেডিকেল ভিসা প্রদানের পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি জানান।

অনিবার্য পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে নতুন ভিসা আবেদন গ্রহণ ও ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ ছিল। যদিও মেডিকেল, জরুরি এবং ব্যবসায়িক ভিসা সীমিত আকারে চালু ছিল এবং আবেদনকারীদের জন্য এসব সেবা অব্যাহত রাখা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর উভয় দেশ ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

  • travel based first digital media
  • ট্যুরিস্ট ভিসা
  • ভারতীয় ভিসা
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া