দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের প্রত্যাশা, এ রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, পর্যটন এবং জনসম্পর্ক আরও জোরদার হবে।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এ রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পুনরায় চালু হওয়া এই ফ্লাইট বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর কথা বিবেচনায় রেখেই এ ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, বহরে এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের সংকট থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক সুদৃঢ় করতে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় যাত্রীদের সুবিধার্থে পুনরায় এ রুট চালু করেছে।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট সোমবার রাত ২টা ২৫ মিনিটে জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।