শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সুইস প্রতিষ্ঠান
লেখক:
শাহানুর রহমান মুকুট প্রকাশ: ১২ ঘন্টা আগে
বাংলাদেশের বিমান পরিবহন খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সুইজারল্যান্ড বাংলাদেশের বিমান খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, সুইজারল্যান্ডভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সুইসপোর্ট’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী।
জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সুইস পক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এবং প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে উভয় দেশ বিমান পরিবহন, পর্যটন ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।